নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘সেনোরা’। এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্টের অফিশিয়াল প্যাড ডিসপেনসার যৌথভাবে উন্মোচন করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো. ফেরদৌসুল ইসলাম এবং এএফসি নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।
অনুষ্ঠানে সাফভুক্ত ছয়টি দেশের জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। মাসিক নিয়ে আলোচনা শুধু নারীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরুষ ফুটবলারদেরও এই উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে ট্যাবু ভাঙার বার্তা দেওয়া হয়।
এই প্রজেক্টের আওতায় সাফের সাতটি সদস্য দেশের ফেডারেশন সদর দপ্তর ও নারী ফুটবল একাডেমিতে দুটি করে মোট ১৪টি প্যাড ডিসপেনসার স্থাপন করা হবে। এর ফলে নারী ফুটবলাররা সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন। এই ডিসপেনসারগুলো সারা বছর সচল রাখতে সেনোরা প্রতিটি সদস্য দেশে এক বছর ধরে স্যানিটারি ন্যাপকিনের নিয়মিত যোগান নিশ্চিত করবে।
ডিসপেনসার স্থাপন ছাড়াও প্রজেক্টের লক্ষ্য অনুযায়ী কোচ, ফিজিওথেরাপিস্ট ও সেফগার্ডিং কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ এবং নারী ফুটবলারদের জন্য সচেতনতামূলক সেশনের আয়োজন করা হবে। এর আগে গত ১ নভেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই অংশীদারিত্বের প্রথম ধাপ সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ও অধিনায়করা ‘পাস দ্য কনফিডেন্স’ বোর্ডে নতুন নারী ফুটবলারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা লেখেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


