ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘হেমন্ত আড্ডা: মিলনমেলা ও সম্মাননা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেজবাহ উদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মো. ফজলুর রহমান এবং হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম হাফিজুল্লাহ খান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গবেষণার জন্য পৃথক দুটি এন্ডাওমেন্ট ফান্ড গঠনে এগিয়ে আসার জন্য অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ২০ বছর মেয়াদি শিক্ষা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ২ হাজার কোটি টাকার এন্ডাওমেন্ট ফান্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে অ্যালামনাইদের আর্থিক ও সাংগঠনিক সহযোগিতা প্রয়োজন।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও পেশাগত জীবনে সহযোগিতার জন্য মেন্টরশিপ, বৃত্তি, গবেষণা, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বিশিষ্ট অ্যালামনাইদের সম্মাননা প্রদান করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


