দিনাজপুর–৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা বলেছেন, “এবার সারা দেশেই যুবকদের ঢল নেমেছে। ইনশাল্লাহ যুবকরাই নতুন বাংলাদেশ গড়ে তুলবে।”
শনিবার রাতে খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের চার কোটি বেকার যুবকের হাতে ভাতা নয়, কর্মসংস্থানের কার্ড তুলে দেওয়া হবে।
আফতাব উদ্দিন মোল্লা বলেন, “ভাতা দিয়ে একটি জাতিকে ধ্বংস করা হয়। একজন যুবককে আজীবন ভাতার ওপর নির্ভরশীল করে দিলে সে আর কাজে হাত দেবে না।” তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শাফিকুর রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—যারা চাকরি পাওয়ার যোগ্য, তাদের চাকরি দেওয়া হবে এবং চাকরির ক্ষেত্রে কোনো ঘুষের সুযোগ থাকবে না।
তিনি বলেন, “একজন গরিব মানুষ কষ্ট করে তার ছেলেকে গ্রাজুয়েট বা মাস্টার্স করিয়েছে—চাকরি পেতে তার এক পয়সাও লাগবে না।” সাবেক সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, গত ৫৪ বছরে যারা এমপি-মন্ত্রী ছিলেন, তারা কেউ দেখাতে পারবেন না যে একজন যুবককে বিনা টাকায় চাকরি দিয়েছেন। বরং চাকরির নামে টাকা নিয়ে অনেক ক্ষেত্রে চাকরিও দেয়নি, টাকাও ফেরত দেয়নি।
যুব উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, যারা উদ্যোক্তা হতে চায় বা ব্যবসা করতে আগ্রহী, তাদের সহজ শর্তে ব্যাংক ঋণের মাধ্যমে সহায়তা করা হবে। পাশাপাশি যারা বিদেশে যেতে চায়, তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা ও কাজের প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো হবে। এর ফলে রেমিট্যান্স বাড়বে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উপজেলা জামায়াতের আমির আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

