বৃষ্টির বাধায় মাঠেই ভেজা ধান, দুশ্চিন্তায় গোদাগাড়ীর কৃষকরা

বৃষ্টির বাধায় মাঠেই ভেজা ধান, দুশ্চিন্তায় গোদাগাড়ীর কৃষকরা

মাঠে মাঠে দুলছে পাকা সোনালি ধানের শীষ। পরিশ্রমের পর বরেন্দ্র অঞ্চলের কৃষকদের চোখে এখন কেবলই ফসল ঘরে তোলার স্বপ্ন। তবে সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে হেমন্তের বৃষ্টি।

বিজ্ঞাপন

যেখানে অগ্রহায়ণ মাসে আমন ধান কেটে ঘরে তোলা ও নবান্ন উৎসবে ব্যস্ত থাকার কথা, ঠিক তখনই শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার (২০ নভেম্বর) দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।

মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। কোথাও পাকা ধান কাটা নিয়ে ব্যস্ত ছিলেন কৃষক, কোথাও চলছিল মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। নতুন ফসলের আশায় কৃষকের মুখে যখন স্বস্তির হাসি, ঠিক তখনই বৈরী আবহাওয়া সেই আনন্দে দুশ্চিন্তার ছায়া ফেলেছে। শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে মাঠের পাকা ও কাটা ধান ভিজে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন গোদাগাড়ীর কৃষকরা।

আমন ধান শুধু একটি ফসল নয়, গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান অবলম্বন। এ ফসল ঘরে তোলার মধ্য দিয়েই কৃষকের সারা বছরের খাদ্যনিরাপত্তা ও পারিবারিক ব্যয়ের বড় একটি অংশ নিশ্চিত হয়। তাই মাঠের ধান নিরাপদে গোলায় ওঠার অপেক্ষায় রয়েছেন গোদাগাড়ীর কৃষকরা। তাঁদের প্রত্যাশা, বৈরী আবহাওয়ার শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ঘরে উঠবে কষ্টে ফলানো ফসল।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলেছেন কৃষকেরা।

এ বছর উচ্চফলনশীল স্বর্ণ, ব্রি-৫১, ৭৫, ৮৭, ৯০, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ১০৩ এবং বিনাধান-১৭ ও ২৬ জাতের পাশাপাশি বিভিন্ন হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষকেরা।

উপজেলার বেজড়া গ্রামের কৃষক আব্দুল আউয়াল বলেন, ‘প্রায় ১৮ বিঘা কাটা ধান জমিতে পড়ে আছে। বৃষ্টির কারণে ধান ঠিকমতো ঘরে তুলতে পারব কি না, তা নিয়ে চিন্তায় আছি। ভালো ফলনের পাশাপাশি আশানুরূপ দাম পেলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ি গ্রামের জিয়াউর রহমান বলেন, ‘১০ বিঘা জমি বর্গা নিয়ে চাষ করছি। ধান চাষের জন্য অনেক টাকা ঋণ নিতে হয়েছে। কিন্তু এবার ধানের ফলন ভালো হয়নি, ধানের দামও কম। তার ওপর অসময়ের বৃষ্টিতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুধু ধান নয়, বৃষ্টির কারণে গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত খড় সংগ্রহ নিয়েও দুশ্চিন্তায় পড়েছি। মাঠে থাকা খড় ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, ‘গোদাগাড়ীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটা ও সংগ্রহে কৃষকেরা কিছুটা ভোগান্তির শিকার হলেও এই বৃষ্টিতে ফসলের বড় কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আগামী রোববার আবহাওয়া স্বাভাবিক হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...