শুধু ইসলামী মিশন নাম হওয়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের আক্রোশের শিকার হয়ে ১৯৮৮ সালে স্থাপিত ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর ইসলামিক মিশন হাসপাতালটি বন্ধ হওয়ার পথে।
গত ১৫ বছরে কোনো উন্নয়ন ও সরকারী সহায়তা না থাকায় জরাজীর্ণতা ভবন আর জনবল সংকটের কারণে হাসপাতালের চিকিৎসক সেবা চলছে নামকাওয়াস্তে। স্টাফ সংখ্যা ১৩ জনের স্থলে এসে দাড়িয়েছে ৩ জন। গত দেড় দশকে ভবনগুলোর হয়নি কোনো সংস্কার কাজ।
জানা যায়, ১৯৮৮ সালে সাবেক ধর্ম, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আলহাজ মাওলানা এম এ মান্নান’র উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় দেশের বিভিন্ন স্থানের মতো ফরিদগঞ্জের ইসলামপুর গ্রামে এই কেন্দ্রটি স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার পাশিপাশি প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীকে নামমূল্যে চিকিৎসা সেবা, রোগ নির্ণয় ওষুধ প্রদান, দুস্থ মহিলাদের সেলাই প্রশিক্ষণ প্রদান, মসজিদভিত্তিক মক্তবে শিক্ষা প্রদান, দারিদ্র্য দূরীকরণ ও আর্থিক সচ্ছলতা অর্জনে সুদমুক্ত ক্ষুদ্র ঋণদান, নিরক্ষতা দূরীকরণসহ বিভিন্ন লক্ষ্য নিয়ে সুনামের সঙ্গে কার্যক্রম চালিয়ে আসছে।
কৃষ্ণপুর ডাক্তার দেখাতে আসা খলিলুর রহমান বলেন, আমাদের গ্রাম থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনেক দূরে, তাই এখানে এমবিবিএস ডাক্তার দেখাতে আসি। প্রতিদিন ডাক্তার না থাকায় আমাদের অনেক হয়রানি হতে হয়। টাকার অভাবে প্রাইভেটে ডাক্তার দেখাতে পারি না। আগে এখানে অনেক ডাক্তার ছিল। সরকার যদি আগের মতো ডাক্তারের ব্যবস্থা করতো তাহলে আমরা গরিব মানুষরা চিকিৎসা নিতে পারবো।
স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, নেছার আহমেদ, ইব্রাহীম মিয়া, আব্দুল কাদিরসহ অনেকেই বলেন, দীর্ঘ ৩৬ বছর ধরে এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য ভরসারস্থল ইসলামিক মিশন হাসপাতাল। কিন্তু পতিত সরকারের স্বৈরচারী মনোভাবের কারণে এখান থেকে চিকিৎসক ও জনবল সরিয়ে নেওয়া হয়েছে। এতে চিকিৎসাবঞ্চিত হচ্ছে হাজার হাজার মানুষ। সরকার দ্রুত জনবল নিয়োগ ও ভবন সংস্কার করে দিলে আগের মতো দরিদ্র জনগোষ্ঠী সহজে চিকিৎসা সেবা পাবে।
মিশনের অতিরিক্ত দায়িত্বে থাকা ডা. মো. কামাল হোসেন শুধু বুধ ও বৃহস্পতিবার রোগী দেখেন। তিনি জানান, ‘আমার মূল দায়িত্ব নোয়াখালীর একটি ইসলামিক মিশনে। এখানে চিকিৎসক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয় আমাকে। এই সেবাকেন্দ্রটিতে দ্রুত জনবল সংকট সমাধান ও সংস্কার না করা হলে এই অঞ্চলের বহু মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

