তিন কেন্দ্রে ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টিতে তৃতীয় দিনও বন্ধ চট্টগ্রামের স্কুল-কলেজ

চট্টগ্রাম ব্যুরো

টানা বৃষ্টিতে তৃতীয় দিনও বন্ধ চট্টগ্রামের স্কুল-কলেজ
ছবি: আমার দেশ

টানা ভারি বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে তৃতীয় দিনের মতো চট্টগ্রাম মহানগরের সব স্কুল-কলেজ বন্ধ রয়েছে। একই কারণে বৃহস্পতিবার চট্টগ্রামের তিনটি কেন্দ্রে অনুষ্ঠিতব্য ডিপ্লোমা বোর্ডের পরীক্ষাও স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠান ৯ জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, বৈরী আবহাওয়া ও টানা ভারি বৃষ্টির কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল আল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, চেয়ারম্যানের অনুমোদনে বৈরী আবহাওয়ার কারণে শুধু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম এবং টেক্সটাইল ইনস্টিটিউট, চট্টগ্রাম—এই তিন কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে বৃহস্পতিবার ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষাক্রমের বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে দেশের অন্য সব জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বন্যা পরিস্থিতির অবনতির কারণে বুধবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, টানা ভারি বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও বৈরী আবহাওয়ার কারণে সব শ্রেণি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি জেলার জলাবদ্ধতাপ্রবণ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর ষষ্ঠ থেকে দশম শ্রেণির চলমান অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষাসংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যায়ক্রমে জানাবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...