পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
বিএনপি নেতা সায়েম প্রধান ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকার জন্য জানাজা ও দাফন আটকে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে সোনারগাঁ উপজেলার গোপেরবাগ এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। গোলজার হোসেনের জানাজায় অংশ নিতে আসা শত শত মুসল্লির সামনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলজার হোসেনের কাছে সনমান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিল। শনিবার সকাল ৮টার দিকে জানাজার জন্য লাশ ঈদগাহ মাঠে আনা হলে পাওনা টাকার বিষয়টি সামনে এনে জানাজা ও দাফনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মরহুমের স্বজনরা চরম বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন। একপর্যায়ে পরিবারের সদস্যরা পাওনা টাকা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানাজায় উপস্থিত স্থানীয় বাসিন্দা হজরত মিয়া বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার শেষ বিদায়ের সময় এমন ঘটনা সত্যিই দুঃখজনক।

এলাকাবাসীর অনেকেই মনে করছেন, পাওনা টাকা আদায়ের অধিকার থাকলেও একজন মৃত ব্যক্তির জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে এমন পরিস্থিতি সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত এবং অমানবিক।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা সায়েম প্রধান বলেন, আমি জানাজার নামাজ আটকাইনি। আমার সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল। তার কাছে এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিলাম। বহুবার তাগাদা দিয়েও টাকা পাইনি। বিষয়টি সমাধানের জন্য কথা হয়েছে। পরে পরিবারের সদস্যরা রোববার টাকা পরিশোধের আশ্বাস দিয়েছেন ।

সনমান্দী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হক (টিক্কা খাঁন) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জানাজায় আমি উপস্থিত ছিলাম না। তবে অন্যদের কাছে ঘটনা শুনেছি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মানুষের শেষ বিদায়ের মুহূর্তে পাওনা টাকার হিসাব সামনে আনা অমানবিক ও অগ্রহণযোগ্য।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...