সিলেটের স্কলার্সহোম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুকে কেন্দ্র করে শাহী ঈদগাহ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
সহপাঠির মৃত্যুতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের সঙ্গে অনেক অভিভাবকও যোগ দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে দানিয়ালকে শিক্ষকরা পরিকল্পিতভাবে অপমান ও মানসিকভাবে নির্যাতন করেছিলেন। এর ফলে আত্মহত্যায় প্ররোচিত হয়ে সে মারা গেছে বলে তাদের দাবি।
বিক্ষুব্ধরা কলেজের ভাইস প্রিন্সিপাল আশরাফ হোসেন চৌধুরীর পদত্যাগ, শ্রেণি শিক্ষক শামিম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবার অপসারণসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—
-দানিয়ালের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি,
-ভবিষ্যতে শিক্ষার্থীদের হেনস্তা বন্ধের নিশ্চয়তা,
-পরীক্ষার রুটিন প্রণয়নে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন,
-ক্লাস ক্যাপ্টেন নির্বাচন চালু,
-শিক্ষার্থীবান্ধব নীতি প্রণয়ন।
বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, সোমবার থেকে তারা আবারও আন্দোলন চালিয়ে যাবেন।
অধ্যক্ষ লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষার্থীদের উত্থাপিত দাবি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে পুলিশ জানায়, দানিয়ালের মা-বাবা কোনো অভিযোগ না করলেও তার চাচা অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর দানিয়ালের লাশ নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। পরিবার দাবি করছে, কলেজ কর্তৃপক্ষের অপমানজনক আচরণই তার মৃত্যুর মূল কারণ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

