শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

জেলা প্রতিনিধি, মেহেরপুর

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামে এক শিক্ষকের বাড়ি থেকে একটি বোমাসদৃশ বস্তু ও হুমকিস্বরূপ চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার সকালে বাড়ির মালিক সিঁড়ির রুমে লাল টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু ও চিরকুট দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আক্কাস আলী কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে।

চিরকুটে লেখা ছিল, ‘দেয়াল দিচ্ছি, রাস্তার পাশ দিয়ে পানি নামতে না দিলে বোমা মেরে মেরে ফেলব, দল এখন পাওয়ারে, বেচে থাকতে কথা শোন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ছয় মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন।

বুধবার কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে বোমাসদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যায় বলে অভিযোগ পরিবারের। চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচল বাধাগ্রস্ত না করার হুমকি দিয়ে প্রাণনাশের হুমকি লেখা ছিল।

গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন