গাজীপুরের শ্রীপুরে রহস্যময় আগুনে পুড়ছে সংরক্ষিত শাল-গজারি বনের বিভিন্ন প্রজাতির গাছ-লতাগুল্ম। মঙ্গলবার বিকেলে শ্রীপুর সদর বিটের সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, গাজিয়ারণ এলাকায় বনের ভেতর থেকে উড়ে আসছে ধোঁয়া। আগুনের লেলিহান শিখায় পুড়ছে বনের কীটপতঙ্গ, গাছপালা, লতাগুল্মসহ ছোট ছোট চারাগাছ। কয়েকটি স্থানে ছোট-বড় আকারে জ্বলছে আগুন।
জানা গেছে, প্রতিবছরের ফাল্গুন-চৈত্র মাসে শাল-গজারিসহ বিভিন্ন গাছপালার পাতা ঝরে পড়ে। বনাঞ্চলের মধ্যদিয়ে চলাচলের জন্য সড়কপথ থাকায় খুব সহজেই দুর্বৃত্তরা রাতে কিংবা দিনে বনে আগুন দেয়। তবে জড়িতরা থাকেন ধরাছোঁয়ার বাইরে।
গাজিয়ারণ গ্রামের বাসিন্দা আরিফ বলেন, বনের মধ্যে অনেক রাস্তা আছে। এই রাস্তা দিয়ে কে বা কারা আগুন দিয়ে যাচ্ছে তা বোঝার উপায় নেই। এসব বন্ধ হওয়া প্রয়োজন।
বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভানো হয়। প্রায় এক একর বন পুড়ে গেছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে বন রক্ষায় কাজ করছি। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

