লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি

লোহাগড়ায় বিরিয়ানির প্রলোভন দেখিয়ে জয় বাংলা, গ্রেপ্তার ২
ছবি: আমার দেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য লোকসমাগম ও কেক কাটার অভিযোগে মো. মজনু তালুকদার (২৭) ও মোতায়ের মোল্যা (১৮) নামের দুজনকে আটক করেছে লোহাগড়া থানার পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জুন রাত আনুমানিক ২টার দিকে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মজনু তালুকদার, একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার রেল স্টেশনে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে রাত আনুমানিক ২টায় জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। আরও জানা যায়, তাদের জয় বাংলা স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় আমার দেশকে বলেন, অভিযুক্তদের নামে লোহাগড়া থানায় মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন