সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, আসনের ১২৮টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৯৭ ভোট। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী (দেয়ালঘড়ি প্রতীক) পেয়েছেন ৩৭ হাজার ৪৪৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ ভোট।
সিলেট-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৯৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৬৭৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ২৫৩ জন।
এদিকে, এ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সিলেট-২ আসনে কোনো নারী প্রার্থী বিজয়ী হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন। তাহসিনা রুশদীর লুনার এ বিজয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

