আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাতের আঁধারে গোয়ালঘর ফাঁকা করল চোরচক্র, সর্বস্বান্ত কৃষক

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

রাতের আঁধারে গোয়ালঘর ফাঁকা করল চোরচক্র, সর্বস্বান্ত কৃষক
ছবি: আমার দেশ।

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকায় গভীর রাতে গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে দুর্বৃত্তরা কৃষক ও মুদী ব্যবসায়ী রফিকুল ইসলামের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে।

চুরি হওয়া গরুগুলোর মধ্যে রয়েছে একটি ষাঁড়, দুটি গাভী এবং দুটি বকনা। গোয়ালঘর সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে দুর্বৃত্তরা কৃষক রফিকুল ইসলামকে সর্বস্বান্ত করে ফেলেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি উঠে গোয়ালঘরে গিয়ে গরুগুলো আছে কিনা পরীক্ষা করেন। তখন সব গরু স্বাভাবিক অবস্থায় ছিল। তবে ভোরে ঘর থেকে বের হওয়ার সময় দরজা খুলতে গিয়ে দেখতে পান, বাইরে থেকে দরজাটি বন্ধ করে রাখা হয়েছে। পরে তিনি ভাতিজা শামীমকে ফোন করে ডেকে এনে দরজা খুলে বাইরে বের হন। এরপর গোয়ালঘরে গিয়ে দেখেন, সব গরু চুরি হয়ে গেছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে চোরের দল কৌশলে বাইরে থেকে দরজা বন্ধ করে তাকে ঘরে আটকে রেখে গরুগুলো চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। দ্রুত চোর চক্র শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। তবে এ ব্যাপারে জানতে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন