নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রায় এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১১ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সবাই বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি এলাকায় আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
আহতদের মধ্যে দুজন নারী ও ৯ জন পুরুষ। তারা বাগাতিপাড়া পৌরসভার ঘোরলাজ, নওশেরা, বারইপাড়া, সোনাপাতিল, পেড়াবাড়িয়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
আহতদের একজন পলি নামে এক নারী। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে উপজেলা চত্বর এলাকায় তিনি শেয়ালের আক্রমণের শিকার হন বলে জানা গেছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামুন আল হাসান সৌমিক জানান, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে শেয়ালের কামড়ে আহত প্রথম রোগী হাসপাতালে আসেন। এরপর পর্যায়ক্রমে আরও রোগী চিকিৎসা নিতে আসেন। প্রায় এক ঘণ্টার মধ্যে মোট ১১ জন শেয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
তিনি বলেন, শেয়ালের কামড়ে আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবহমান পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর বিলম্ব না করে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা জরুরি। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ জলাতঙ্ক প্রতিরোধী টিকা মজুত রয়েছে বলেও তিনি জানান।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

