টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টঙ্গীর আরিচপুর বউ বাজার গাজীবাড়ী এলাকার আব্দুর রহমান বাবুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজ দিনাজপুর জেলার কাহারুল থানার সুন্দইল গ্রামের জরু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর বউ বাজার এলাকায় বসবাস করতেন এবং পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, টঙ্গীর আরিচপুর বউ বাজার এলাকায় বহুতল ভবনের প্লাস্টারের কাজ করার সময় ঘরের ভিতর অন্ধকার ছিল। অন্ধকার দূর করতে আব্দুল আজিজ একটি বৈদ্যুতিক বাতির লাইন দিতে যান। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হন।

তার সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন