ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের যুবক নিহত

ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের যুবক নিহত

কিশোরগঞ্জের ভৈরবে জুনাইদ আহমেদ (২৩) নামের এক যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৪ নভেম্বর দিবাগত রাতে ইতালির বারি এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে তিনি নিহত হন।

বিজ্ঞাপন

নিহত জুনাইদ ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. মিশন মিয়া। ঘটনার পর থেকে নিহতের পরিবারে মাতম চলছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজের স্বপ্নপূরণের আশায় প্রায় এক বছর আগে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় যান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ‘ডাঙ্কি’ পথে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছান তিনি। সম্প্রতি ইতালিতে একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দেন কলেজপড়ুয়া এই যুবক। তার পরিবারে তিন ভাই ও এক বোন রয়েছে। তার আরেক ভাই ইতালিতে এবং অন্যজন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে থাকেন।

জানা গেছে, কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসস্থানে ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুনাইদ মারা যান। খবর পেয়ে ইতালির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের মামাতো ভাই মিশন মিয়া বলেন, ‘পরিবারের জন্য ভালো কিছু করার এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। ২৪ নভেম্বর রাতে ইতালিতে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। আমাদের চাওয়া, দ্রুত সময়ের মধ্যে ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনা হোক, যেন তার বাবা-মা সন্তানকে শেষবারের মতো দেখতে পারেন। এ বিষয়ে আমরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে ভৈরবের ইউএনও কে এম মামুনুর রশীদ বলেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ভৈরবের ওই যুবকের মৃত্যুর বিষয়টি জেনেছি। পরিবার লাশ দেশে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন