গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের পুরাতন লঞ্চঘাটের বটতলা গোলচত্বর ও কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন ককটেলের স্প্লিন্টারবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অন্তত ১০টি দোকানঘর। আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় জেলা শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে, কোটালীপাড়ার দক্ষিণ হিরণ গ্রামে মিছিলে দাঁড়ানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরে আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিকেলে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের লোকজন লঞ্চঘাট এলাকায় জড়ো হন। মিছিল চলাকালে দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যায় দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। কয়েকটি ককটেল বিস্ফোরণের পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কসহ আশপাশের এলাকায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন ককটেলের স্প্লিন্টারবিদ্ধ হন। তারা হলেন চরমানিকদাহ গ্রামের হাফিজ মোল্লার ছেলে জাহিদুর রহমান প্রান্ত, চান মিয়া মোল্লার ছেলে রাকিবুল মোল্লা, সাফায়েত মোল্লার ছেলে সাহাবুল মোল্লা ও কোভিদ মোল্লার ছেলে জাহিদ মোল্লা। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, কোটালীপাড়ার দক্ষিণ হিরণ গ্রামে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে হিরণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিতর্কিত যুবলীগ নেতা মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম টুটুল (৫২) ও জায়েদ শেখকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা সবাই দক্ষিণ হিরণ গ্রামের বাসিন্দা। পরে মিকাইল ইসলাম টুটুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে মিছিলে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় হিরণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও যুবলীগের সাবেক নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

মশিউর রহমান অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে আমরা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করেন। হামলায় আমিসহ কয়েকজন আহত হই।”

তবে অভিযোগ অস্বীকার করে শফিকুল ইসলাম বলেন, “আমার বড় ভাই বিদেশে থাকেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। আমি দীর্ঘদিন ধরে ছাত্রলীগ করে আসছি। আমার ভাই আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। এ কারণে তিনি রাগান্বিত হয়ে আমার ওপর আগে হামলা করেন।”

কোটালীপাড়া উপজেলা যুবলীগের এক জ্যেষ্ঠ নেতা বলেন, “মশিউর একসময় যুবলীগ করতেন। বিগত দিনে তিনি বিএনপির সঙ্গে আঁতাত রেখে চলেন। তার কারণেই আমাদের মিছিলে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, জেলা শহরের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সরে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের বিষয়টি তিনি জেনেছেন। বিস্তারিত তথ্য জেনে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের কথা শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...