কাজের মান নিয়ে প্রশ্ন

নির্মাণের বছর না পার হতেই দেবে গেছে ওয়াকওয়ে

নির্মাণের বছর না পার হতেই দেবে গেছে ওয়াকওয়ে
ছবি: আমার দেশ

নির্মাণের পর বছর না পার হতেই রাজশাহীর গোদাগাড়ীতে একটি ওয়াকওয়ে বৃষ্টির কারণে দেবে গেছে। এখন কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

গোদাগাড়ীর সরমংলা খাড়ি এলাকায় এই ওয়াকওয়ে নির্মাণ করেছিল বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। বিএমডিএর পক্ষ থেকে ওই এলাকাকে ইকো পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে। বিএমডিএ পদ্মা নদী থেকে পাইপের মাধ্যমে পানি তুলে এনে এই সরমংলা খাড়িতে ফেলে।

বিজ্ঞাপন

এই এলাকা সৌন্দর্যবর্ধনের জন্য প্রায় এক বছর আগে খাড়ির পাশে গাইডওয়াল এবং এর সঙ্গে টাইলস বসানো ওয়াকওয়ে নির্মাণ করা হয়। তবে সম্প্রতি গাইড ওয়াল দেবে গিয়ে খাড়ির পানির দিকে সরে গেছে। ফলে ওয়াকওয়েও দেবে গেছে। প্রায় ২০ মিটার এলাকা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। বিএমডিএর একটি প্রকল্পের অধীনে পাইপলাইন বসানোর কাজ পেয়েছিল রাজশাহীর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

পাইপলাইন বসানোর ওই কাজের মধ্যেই ওই ঠিকাদারকে দিয়ে এই গাইড ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করানো হয়। প্রায় এক বছর আগে করা এ কাজে খরচ হয় ১৬ লাখ টাকা।

সরজমিনে দেখা গেছে, প্রায় ২০ মিটার এলাকা একেবারেই দেবে গেছে। আশপাশেও ফাটল দেখা দিয়েছে। প্রায় এক বছর আগে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছিল বলে জানান স্থানীয়রা।

জানতে চাইলে বিএমডিএর গোদাগাড়ী জোন-১-এর সরকারি প্রকৌশলী আব্দুল লতিফ বলেন, ‘এগুলো নির্মাণ করতে আলাদা কোনো বাজেট ছিল না। সৌন্দর্যবর্ধনের জন্য আমরা অন্য কাজের ঠিকাদারকে দিয়ে এই কাজও করিয়েছিলাম। বৃষ্টির কারণে প্রায় ২০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ঠিকাদারের জামানত জমা আছে। আমরা তাকে দিয়ে আবার সংস্কার কাজ করিয়ে নেব।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন