হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর (তকিয়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত আমির উদ্দিনের দুবাই প্রবাসী ছেলে আইনুদ্দীন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৮)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুবাই প্রবাসী আইনুদ্দিন তার ছেলে রাশেদ মিয়াকে নিয়ে নিজ বাড়ির পুকুর থেকে শেলো মোটর ব্যবহার করে পানি সেচের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে দুজনই গুরুতর আহত হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগ থেকে থানায় অবগত করলে পুলিশ লাশ হেফাজতে নেয়।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ প্রেরণ করি। সেখানে আইনি প্রক্রিয়া চলছে।
নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য নাছিম উদ্দিন জানান, আইনুদ্দিন দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি ছুটিতে দেশে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগামীকাল শনিবার পুনরায় তার কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। পিতা পুত্রের এই মৃত্যুতে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

