গবাদিপশু, হাঁস-মুরগি ও পোষা প্রাণীর চিকিৎসাসেবা এবং রোগ অনুসন্ধানে নমুনা সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত দপ্তরটির অগ্রগতি প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। তবে কৃত্রিম প্রজনন ও গবাদিপশুর টিকাদান কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জনে কিছুটা ঘাটতি রয়েছে।
জনবল সংকট ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের প্রশিক্ষণে থাকার কারণে গবাদিপশুর টিকাদান কার্যক্রমের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া। তিনি বলেন, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্টের তিনটি পদের মধ্যে দুজন প্রশিক্ষণে থাকায় এ খাতে লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করা সম্ভব হয়নি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন পর্যন্ত গবাদিপশুর চিকিৎসাসেবায় ২১ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ২ লাখ ৭৫ হাজার ৬৮৪টি এবং হাঁস-মুরগির চিকিৎসায় ২০ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ২ লাখ ৫১ হাজার ৯২টি সেবা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১২ গুণেরও বেশি। এ ছাড়া পোষা প্রাণীর চিকিৎসায় ১৫০টির লক্ষ্যমাত্রার বিপরীতে ১৮৩টি এবং প্রাণিসম্পদ ও পাখির রোগ অনুসন্ধানে নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে পাঠানোর ক্ষেত্রে ৯০টি লক্ষ্যমাত্রার বিপরীতে ১০৭টি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, উন্নত জাতের পশু উৎপাদনে কৃত্রিম প্রজনন সম্প্রসারণ কার্যক্রমে ৬ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ হাজার ৬১১টি কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোগ প্রতিরোধে গবাদিপশুর টিকাদানে ৩৪ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩ হাজার ৩১১টি এবং হাঁস-মুরগির টিকাদানে ৩ লাখ ৪০ হাজার লক্ষ্যমাত্রার বিপরীতে ৩ লাখ ৩২ হাজার টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি খামারি ও সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণসহ নিয়মিত কার্যক্রম পরিচালিত হয়েছে।
এদিকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার সীতাকুণ্ডে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ক্ষুদ্র ও বাণিজ্যিক খামারি, উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে (অডিটোরিয়াম) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতির বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি এ খাত অসংখ্য মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এ সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিজ্ঞানসম্মত পশুপালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা ও নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি দেশীয় চাহিদা পূরণ করে রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, ভেটেরিনারি সার্জন ডা. তপন চন্দ্র বর্মন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্যসচিব মো. মোরসালিন ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী খামারিদের সচেতনতামূলক পরামর্শ, বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা, টিকাদান ক্যাম্পেইন ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

