আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাবনা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

স্টাফ রিপোর্টার, পাবনা ও ময়মনসিংহ অফিস

পাবনা ও ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২০

পাবনা ও ময়মনসিংহ জেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছে । পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়। এ ঘটনায় একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলো- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিল। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কার্ভাড ভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে বাস উল্টে হেলপার নিহত, আহত ১৯

ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়লে হেলপার মঞ্জুরুল হাসান (৪১) নিহত হন। এ ঘটনায় অন্তত ১৯ যাত্রী আহত হয়।

বুধবার সকাল ৮টার দিকে নগরীর চায়না মোড় এলাকার গ্যাসলিন ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মঞ্জুরুল হাসান শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা এবং জুনায়েদ এক্সপ্রেস নামের বাসটির হেলপার ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, শেরপুর থেকে ছেড়ে আসা বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা করেছিল। চায়না মোড় এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে পড়ে এবং ডিভাইডার ভেঙে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মঞ্জুরুল হাসান মারা যান এবং অন্তত ১৯ যাত্রী আহত হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম জানান, আহত ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শিশুসহ সাতজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন