তিনদিনের ব্যক্তিগত সফরে মাতৃভূমি কক্সবাজার এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসক মো. আ. মান্নান ও জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে তার গাড়ির বহর কক্সবাজার সার্কিট হাউজে যায়, সেখানেই তার রাত্রিযাপনের কথা রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে পৌঁছে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। বিকেলে কুতুবদিয়া থেকে আবার কক্সবাজারে ফিরে আসবেন এবং রাতে সার্কিট হাউজে অবস্থান করবেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নান সাংবাদিকদের জানান, ব্যক্তিগত সফর হিসেবে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজারে এসেছেন। রোববার সকালে তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করার কথা।
প্রসঙ্গত, ১৯৫৩ সালের ১ জুলাই এ এম এম নাসির উদ্দিন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ ৩৫ বছর পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন তিনি। সংসদের স্পিকার পলাতক থাকায় প্রথা অনুযায়ী তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

