কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া বয়োবৃদ্ধ আলী হোছেন (৭০) তিন দিন পরে ফিরেছেন পরিবারের কাছে।
পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় অপহরণকারীরা ৪ লাখ টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেয়।
আলী হোছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা। ১৬ মে দিবাগত রাত পৌনে ২টার দিকে একদল অস্ত্রধারী ব্যক্তি তার বাড়িতে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে তাকে পাহাড়ি এলাকায় ডাকাতের আস্তানায় নিয়ে যায়।
আলী হোছেনের ছোট ভাই সৈয়দ আহমদ বলেন, গভীর রাতে কয়েকজন অস্ত্রধারী বাড়িতে ঢুকে তার ভাইকে জোরপূর্বক জিম্মি করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ দাবি করে। রোববার বিকেলে ৪ লাখ টাকা দেওয়ার পর সোমবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরিবারের সদস্যদের দাবি, বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকি দিয়েছিল অপহরণকারীরা। এ কারণে এখনো আতঙ্কে দিন কাটছে তাদের পরিবারের।
এ প্রসঙ্গ টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়নি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

