সিলেটে একদিনে হামে ৫ শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে একদিনে হামে ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ৪৭ জন শিশুর মৃত্যু হলো।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ৫ শিশুর মৃত্যু হয়।

মৃতদের মধ্যে রয়েছে— হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল মালিকের ৫ মাস বয়সী কন্যা রাইসা, সুনামগঞ্জের ছাতক উপজেলার ইশাক আলীর ৬ বছর বয়সী ছেলে আলী আফসান, দিরাই উপজেলার মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী কন্যা মুসলিমা, সিলেট সদর উপজেলার বহরাম আহমদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমদ এবং সুনামগঞ্জের ৪ বছর ২ মাস বয়সী শিশু শামীমা।

তারা যথাক্রমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো সংক্রমণ শনাক্ত না হলেও সন্দেহভাজন ৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত মোট ১৫৮ জনের দেহে পরীক্ষাগারে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ১৬ জন (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৮৪ জন এবং সিলেট জেলায় ৪২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৮৩ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন রোগী ভর্তি আছেন।

এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন