মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও এক চা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের তালেব মিয়া (৩২) এবং কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগান এলাকার চা শ্রমিক স্বপন মুন্ডা (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের জমিতে বোরো ধান কাটতে যান তালেব মিয়া। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে যায় বলে জানান স্থানীয়রা।
কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান বলেন, “ধান কাটার সময় বজ্রপাতে তালেব মিয়া ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
অন্যদিকে, কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার সেকশনে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন চা শ্রমিক স্বপন মুন্ডা। তিনি দেওরাছড়া চা বাগানের মেবারী টিলার বাসিন্দা ছিলেন।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

