পটুয়াখালীতে রাতভর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে। হামলার সময় কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়, কোথাও ছোড়া হয় পেট্রোল বোমা। আতঙ্কে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শহরের দক্ষিণ সবুজবাগ এতিমখানা রোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা সভাপতি কাজী আলমগীরের বাসায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটি ভাঙচুরের পর তালাবদ্ধ ছিল। সেখানে পরিবারের কোনো সদস্য বসবাস করতেন না।
এরপর একই রাতে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমানের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। বাড়ির বিভিন্ন মালামাল ও জানালা ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদ্যুতের মিটারও ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেনের পটুয়াখালী শহরের পিডিএস মাঠসংলগ্ন চারতলা ভবনেও হামলার চেষ্টা করা হয়। ভবনের সামনে কয়েক দফায় আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে স্থানীয় ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়েনি।
জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারের পুরান বাজার এলাকার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা বাসার পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। একইভাবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেলের টাউন জৈনকাঠি এলাকার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবারের সদস্যরা অন্যত্র চলে যান।
এ ছাড়া পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার বাসভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে জানা গেছে। দূর থেকে আগুন নিক্ষেপ করা হলে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

