শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে নগরের ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় ‘এক দফা, এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।

বিজ্ঞাপন

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বন্যাদুর্গত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনা না করেই এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা তাদের প্রতি অবিচার। এ সিদ্ধান্তের দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।

বিক্ষোভকারীরা আরও বলেন, এই আন্দোলনের সূচনা চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও ২ নম্বর গেট এলাকা থেকে হয়েছে। যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এর আগে মঙ্গলবার সকাল ১১টা থেকে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থীরা। সেখানে তারা বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত করে নতুন সূচি ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন