নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. শিশির (৫৫)। একরামুল বারী শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে, শাহানুর নেওয়াজ লিখন হাট নওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড় করানো আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির দৃশ্যমান প্রায় সবকিছু পুড়ে যায়। বডি, আসন ও ভেতরের সরঞ্জামসহ কিছুই অবশিষ্ট ছিল না। কেবল লোহার কাঠামো পড়ে থাকে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাসমালিক মো. সাগির আহমেদের দাবি, প্রতিটি বাসের ক্ষতি হয়েছে ১৫ থেকে ১৬ লাখ টাকার উপরে। সব মিলিয়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাস দুটি মেরামত করে আবার রাস্তায় নামাতে দুই থেকে তিন মাস সময় লাগবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-708756-720x405.webp)

