আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া

জেলা প্রতিনিধি, নড়াইল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া
ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচ ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা পাঁচগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাশমত শেখ পুলিশের জালে আটকা পড়ায় তার সন্ত্রাসী বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। ওই সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপি মতাদর্শের লোকদের বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। গত মঙ্গলবার বিকালে সাতবাড়িয়া গ্রামে এ সন্ত্রাসী তাণ্ডব চালানো হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‌্যাব-পুলিশের বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকে আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর হামলা-হুমকিতে গ্রামছাড়া অর্ধশতাধিক পরিবারের পুরুষ সদস্য।

এলাকাবাসী জানায়, হাশমত শেখ কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের পাটেশ্বরী গ্রামের মৃত তকিবুর রহমানের ছেলে। অভিযোগ রয়েছে, তার আশ্রয়-প্রশ্রয়ে গড়ে উঠেছে সন্ত্রাসী বাহিনী। শুধু তা-ই নয়, বিভিন্ন ধরনের মাদক কারবারি হিসেবেও পরিচিত তিনি। এলাকার জুয়ার আসর এবং অনলাইন প্রতারণার নিয়ন্ত্রণও তার হাতে। আগামী ইউপি নির্বাচনে জয়ী হতে গোপনে আওয়ামী লীগ দলীয় লোকজনকে সংগঠিত করা, আইনশৃঙ্খলার পরিপন্থি নানা কর্মকাণ্ড, নাশকতা-চক্রান্তসহ গোটা এলাকায় অশান্ত পরিস্থিতি সৃষ্টিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ মঙ্গলবার হাশমতকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে হাশমতের আটকের জেরে তার ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠেছে। ইরকান, জিল্লু শেখ, হাফিজুর, শাহীন শেখ, রুনু শেখ, মান্নান শেখ, সাতবাড়িয়া গ্রামের রুহোল ফারাজী, জাবেদ মেম্বারের নেতৃত্বে হাশমতের সন্ত্রাসী বাহিনী তার আটকের জন্য বিএনপি দলীয় লোকজনকে দায়ী করে ১৬ জুন সংঘবদ্ধ দল বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাতবাড়িয়া গ্রামে হামলে পড়ে। এ সময় পুরুষরা প্রাণভয়ে পালিয়ে রক্ষা পেলেও সাইফুল ফারাজী, আব্দুল্লাহ্ ফারাজী, বাবু, রাজু শেখ, আমানত ফারাজী, রিপন ফারাজী, রব্বানী, ইজাজ, মফিজুলসহ অন্তত ১৫ পরিবারের ২০টির অধিক বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করা হয়। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগীদের।

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, বিপুলসংখ্যক মারমুখী দুর্বৃত্তের হামলা প্রাথমিকভাবে প্রতিহত করা দুরূহ হয়ে পড়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্যের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। হামলায় জড়িতদের ধরতে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। ওসি ইদ্রিস আরো বলেন, আওয়ামী লীগ নেতা হাশমত নাশকতার মামলায় এর আগেও কারাগারে ছিলেন। এলাকায় নাশকতা, সন্ত্রাসী কার্যকলাপ ও অশান্ত পরিস্থিতি সৃষ্টিতে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...