দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আইন করে ‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার দুপুরে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
এমসি কলেজ প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন রাকিবুল ইসলাম।
এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, "ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হলগুলোতে অবস্থান করছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছে।"
তিনি আরও বলেন, "একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনো আতঙ্কিত, তারা এখনো ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে একধরনের অনীহা আছে।"
রাকিব বলেন, "বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।" তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে।
দীর্ঘ ২১ বছর পর ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলন শুরু হয়।
এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাইমিনুল হক তপু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম কার্দি, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান সহ সিলেটের অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

