সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে এক নারী ও এক রিকশাচালক হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ওই নারীর স্বামী এনামুল হককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রিকশাচালক হত্যার দায়ে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই রায় প্রদান করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নারী হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। অপরদিকে রিকশাচালক হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।’

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের কোরবান আলী মাস্টারের ছেলে এনামুল হক, নওয়াব আলীর ছেলে সাইফুল ইসলাম ও শুকুর প্রামানিকের ছেলে মিনহাজ ওরফে মেন্নই এবং সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের বারিক মন্ডলের ছেলে সাইফুল ইসলাম।

মামলার নথি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের শাহীবাড়ি এলাকার আলম শেখ দুটি রিকশা ভাড়া দিয়ে জীবনযাপন করতেন। আলম শেখের সঙ্গে একই এলাকার সাইফুল ইসলামের টাকা-পয়সা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০২৩ সালের ৮ অক্টোবর সাইফুল ইসলাম গরু জবাই করার ছুরি দিয়ে আলম শেখকে জবাই করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই আজাহার আলী শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় সাইফুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

অন্যদিকে, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বড়হাটি এলাকায় যমুনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্রী গোবিন্দ চন্দ্র চূর্ণকর বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ ওই নারীকে হত্যার রহস্য উদঘাটনে শুরু করে। এক পর্যায়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের এনামুল হক, সাইফুল ইসলাম ও মিনহাজ ওরফে মেন্নইকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। নিহত ওই নারী আসামি এনামুল হকের স্ত্রী। যৌতুক নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করে লাশ যমুনায় ফেলে দেন আসামিরা। এ মামলায় স্বামীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...