ভবনে ছিল না কোনো লিফট অপারেটর

লিফটে আটকে পড়া ৭ নারীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

লিফটে আটকে পড়া ৭ নারীকে উদ্ধার করলেন ফায়ার সার্ভিসের কর্মীরা
ছবি: আমার দেশ

মাদারীপুর সমন্বিত অফিসের দশতলা ভবনের একটি লিফটে আটকা পড়ে আতঙ্কিত হয়ে পড়েন সাতজন নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু। সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সেলাই প্রশিক্ষণ নিতে আসা প্রশিক্ষণার্থীরা লিফটে করে ওপরের তলায় যাওয়ার সময় হঠাৎ লিফটটি মাঝপথে বিকল হয়ে পড়ে। এতে তারা প্রায় ৩০ মিনিট ধরে লিফটের ভেতরে আটকে থেকে চরম আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী এক প্রশিক্ষণার্থী জানান, ‘আমরা যেখানে প্রশিক্ষণ নিয়েছি, সেখানেসহ বিভিন্ন জায়গায় ফোন দিয়েছিলাম। পরে কোথাও সহায়তা না পেয়ে আমি ফায়ার সার্ভিসের নম্বরে ফোন দেই। তারা দ্রুত এসে আমাদের উদ্ধার করে।’

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে মাদারীপুর ফায়ার সার্ভিস। পরে লিফটের সপ্তম তলা ও ভবনের অষ্টম তলার মধ্যবর্তী স্থান থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এ বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় ভবনের সবার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ভবনটিতে কোনো লিফট অপারেটর না থাকায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুর ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে কারিগরি পদ্ধতিতে লিফটের দরজা খুলে ভেতরে আটকে থাকা সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। ভবনটিতে বর্তমানে কোনো লিফট অপারেটর নেই, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন