সারা দেশের ১০ শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে গতকাল সোমবার। প্রকাশিত ফলাফলে মেধাবীরাই বিজয়ী হয়ে উল্লাস করেছে। উচ্ছ্বাসে ও উল্লাসে মেতে ওঠে ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীরা।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীতে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯৭১ জন। সর্বোচ্চসংখ্যক ৬১ জন জিপিএ-৫ পেয়েছে সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও দ্বিতীয় সর্বোচ্চ রাজবাড়ী সরকারি বালিকা বিদ্যালয় থেকে ৫৮ জন। তৃতীয় অবস্থানে রাজবাড়ী ইয়াসিন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। শহরের অংকুর স্কুল এন্ড কলেজ থেকে পেয়েছে ৭ জন। রাজাপুর ইয়াসিন ইনস্টিটিউট থেকে ৫ জন, খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট থেকে ৪ জন। রাজবাড়ী সদর উপজেলায় ৪০টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ৩৩৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। কৃতকার্য হয়েছে ২১৭১ জন। পাসের হার ৬৪.৭৭ শতাংশ। অপরদিকে দাখিল মাদরাসা ও এসএসসি ভোকেশনালে পাসের হার যথাক্রমে ৫৫ ও ৬৬ শতাংশ। দাখিল পরীক্ষায় সদর উপজেলার ভান্ডারিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা থেকে এ বছর সর্বোচ্চ ১০ জন জিপিএ-৫ পেয়েছে।
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, হাজীগঞ্জে এসএসসিতে ১৫৩, দাখিলে ৩৪ ও ভোকেশনাল ২১ জনসহ ২০৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় হাজীগঞ্জ থেকে ৩৩টি হাই স্কুল, ২৩টি মাদরাসা ও ৬টি প্রতিষ্ঠান থেকে ৪৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৭১.৯৭ শতাংশ। উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬১০ জন পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ৪৩৯ জন। শীর্ষে রয়েছে এগারো গ্রামসম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়। পাসের হার ৯০.৭৪ শতাংশ। সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩ জন, পাসের হার ৮৫.১৮ শতাংশ। সরকারি কাউখালী গান্ডতা মাধ্যমিক উচ্চ বালক বিদ্যালয় থেকে জিপিএ পেয়েছে ৮ জন, পাসের হার ৬৭.৫৩ শতাংশ।
ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি জানান, এবারের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২৯৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৯৯ জন পাস করেছে। ১২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৭৬.২৮ শতাংশ।
দাখিল পরীক্ষায় ১১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৫২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। পাসের হার ৭৫.৩৩ শতাংশ।
অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৮ জন পাস করেছে। এ শাখায় ৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৮৫.৩০ শতাংশ। উপজেলায় একমাত্র শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব লাভ করেছে হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৭ জনই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন।
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি জানান, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় এবারের এসএসসি ও সমমান পরীক্ষার পাসের হার ৭৭ .২৩ শতাংশ হলেও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল নিয়ে দেখা দিয়েছে হতাশা। উপজেলার ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৫৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন শিক্ষার্থী।
সরকারি স্বরূপকাঠি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। ৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৭ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে্ ।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাসের হার দাঁড়িয়েছে ৫১.৮৮ শতাংশ। এ বছর উপজেলার এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় ৪৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে এসএসসিতে পাসের হার ৪৯.৬৭ শতাংশ, দাখিলে ৬৭.২০ শতাংশ এবং কারিগরিতে ৫৩.৪৯ শতাংশ।
তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৫৯ জন। উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ০২ শতাংশ। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলাভিত্তিক এসএসসি-২০২৬ ফলাফলের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাড়াইলের ১৫টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর উপজেলায় সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ৩,৩৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে ১,৬৩০ জন। সার্বিক পাসের হার ৪৮.৬৭ শতাংশ। এছাড়া পুরো উপজেলায় জিপিএ-৫ অর্জন করেছে ২০৫ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সাধারণ এসএসসি পরীক্ষায় ২,৭০৫ জন অংশ নিয়ে পাস করেছে ১,৩৯২ জন এবং অকৃতকার্য হয়েছে ১,৩১৩ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩৭২ জনের মধ্যে পাস করেছে ১৩১ জন ও অকৃতকার্য হয়েছে ২৪১ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা থেকে ২৭২ জন অংশ নিয়ে পাস করেছে ১০৭ জন এবং অকৃতকার্য হয়েছে ১৬৫ জন।
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের আলীকদম উপজেলায় মিশ্র চিত্র দেখা গেছে। উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ে এবার গড়ে পাসের হার ৫৬.৭৭ শতাংশ। মোট ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাই পেয়েছে ৬টি জিপিএ-৫। অন্যদিকে, উপজেলার কয়েকটি বিদ্যালয়ে ফলাফল আশানুরূপ হয়নি। বিশেষ করে চৈক্ষ্যং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাসের হার নেমে এসেছে ১৫.৫২ শতাংশে। বিদ্যালয়টির ৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন; অকৃতকার্য হয়েছে ৪৯ জন।
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় এবার এসএসসিতে ৯টি বিদ্যালয় মোট ১১৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করে ৪৮৩ জন। জিপিএ ৫ পায় ২৯ জন শিক্ষার্থী। পাসের হার ৪১.৮৯। এসএসসিতে সর্বোচ্চ নম্বর ১১৭৫ পেয়েছে লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাবিদ আহমেদ। মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় ৯টি মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ৩০৯ জন। পাস করেছে ৯৪ জন। পাসের হার ৩০.৪২। জিপিএ ৫ পেয়েছে ২ জন। এছাড়া দাখিল ভোকেশনাল পরীক্ষায় আল ফারুক দাখিল মাদরাসার ৩৭ জন অংশ নিয়ে পাস করেছে ৩১ জন। জিপিএ ৫ পেয়েছে একজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


