ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার জুমার নামাজের পর নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখান গোলচত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘ওসমান হাদি, বাংলাদেশের আজাদি’ এবং ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি ব্যক্তিগত শত্রুতার কারণে শহীদ হননি। তাঁর সঙ্গে কারও জমি নিয়ে বিরোধ ছিল না, ব্যক্তিগত কোনো দ্বন্দ্বও ছিল না। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার থাকার কারণেই শহীদ হয়েছেন। তাঁর হত্যার বিচার করা বর্তমান রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য দায়িত্ব।
সমাবেশে আরো বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা, ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ ও রিদুয়ান হৃদয়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

