লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

ঈশ্বরদীর বিখ্যাত লিচু সংরক্ষণে হিমাগার বা আধুনিক সংরক্ষণাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, লিচু সংরক্ষণে সবচেয়ে উপযোগী ও ব্যয়-সাশ্রয়ী সমাধান খুঁজে বের করতে সরকার পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার উদ্যোগ নেবে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈশ্বরদীসহ এই অঞ্চলের মানুষ কৃষির সঙ্গে আত্মিকভাবে সম্পৃক্ত। যে অঞ্চলের মানুষের কৃষির সঙ্গে এমন সম্পর্ক রয়েছে, সেই অঞ্চলই বাংলাদেশের কৃষিতে নেতৃত্ব দিতে পারে।

তিনি বলেন, আমরা যাচাই করব, ঈশ্বরদীতে লিচুর জন্য কোনো সংরক্ষণাগার বা হিমাগার করা যায় কিনা। আমাদের জন্য সবচেয়ে উপযোগী সমাধান হবে এমন, যা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

লিচুর উৎপাদন ও সংরক্ষণ নিয়ে গবেষণার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অবহিত করব এবং এ বিষয়ে গবেষণার অনুরোধ জানাব। গরম, কীটনাশক বা অন্য যেকোনো কারণে লিচুর যে ক্ষতি হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে বের করে কার্যকর সমাধান বের করতে হবে।

তিনি কৃষকদের উদ্দেশে বলেন, আপনাদের প্রতিটি উদ্ভাবনী উদ্যোগে সরকারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। আপনারা দোয়া করবেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের দায়িত্ব দিয়েছে, আমরা যেন সেই দায়িত্বের হক আদায় করতে পারি।

বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইবসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...