রাজবাড়ীর গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা (৪০) নামে এক যুবক নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পৌর শহরের তোরাই মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম হীরা বাহাদুরপুর এলাকার জাবেদের ছেলে এবং পৌর শহরের তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা ৫ থেকে ৬ হাজার টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পৌর শহরের কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মঞ্জুর ছেলে মো. কামরুল ধারালো চাকু দিয়ে শরিফুল ইসলাম হীরার বুকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই কামরুল পালিয়ে গেলেও পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

