ঝিনাইদহে মাদক কেনাবেচার সময় এজে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক ও এক বিএনপি নেতাসহ তিনজনকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. আইয়ুব হোসেন (৪৬) এবং মাগুরাপাড়া গ্রামের আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানভীর আহমেদ ওরফে রুপম সাধুহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান কামালের ছেলে। অন্যদিকে আটক আব্দুল মালেক সাগান্না ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ডাকবাংলা এলাকার এজে ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাবেক নেতা বলেও জানা গেছে।
ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল আলম বলেন, ডাকবাংলা বাজার এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পর অভিযান চালিয়ে তিনজনকে ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

