রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ

রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ
নিহত আসাদ। ছবি: আমার দেশ

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩০) নামের এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বন্ধুর ফোনে সাড়া দিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন সকালে (বুধবার) গাছের ডালে তার নিথর দেহ দেখতে পেয়ে ভেঙে পড়েছেন স্বজনরা।

বিজ্ঞাপন

​নিহত আসাদুজ্জামান আসাদ মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের বৌহুতি গ্রামের আছির কবিরাজের ছেলে। স্ত্রী আফিয়া জান্নাত নােমর ৫ বছরের কন্যা সন্তান রয়েছে তার।

​স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে একটি ফোনের কল পেয়ে বাড়ি থেকে বের হন আসাদ। রাত গড়িয়ে গভীর রাত হলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বারবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। সারারাত উৎকণ্ঠায় অপেক্ষার পর বুধবার সকালে সাতগ্রাম খারির পাড়ে একটি গাছে আসাদের লাশ দেখতে পান এলাকাবাসী।

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সাত বছরের শিশু সন্তান ও স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

​নিহতের পিতা আছির কবিরাজ দাবি করেন, তার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে এখানে রাখা হয়েছে। তবে কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি তিনি।

​খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে এনে রাখা হতে পারে। ওসি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন