এসএসসি পরীক্ষায় রংপুর মহানগরীর ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রংপুর সিটি করপোরেশন (রসিক)। শনিবার রংপুর গ্রুপের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার, রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. নিখেলেন্দ্র গুহ রায়, রংপুর গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল-আমিন, পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার ও অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মিফতাহুল জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী বলেন, বড় স্বপ্ন দেখতে হবে এবং বড় মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের সাফল্যে রংপুর ও তাদের পরিবার গর্বিত। তারাই হবে আগামীর বাংলাদেশের উজ্জ্বল মানুষ।
তিনি আরও বলেন, আজকের এই সংবর্ধনা অনুপ্রেরণার সিঁড়ি। শিক্ষার্থীদের আগামীর স্বপ্নজয়ে এই সিঁড়ি সবসময় অনুপ্রাণিত করবে। মেধার সঙ্গে সাহস যুক্ত হলে ইতিহাস তৈরি হয়। সুন্দর বাংলাদেশের জন্য শিক্ষার্থীরা তেমনই ইতিহাস গড়বে, এটাই প্রত্যাশা।
মাহফুজ উন-নবী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই বাংলাদেশ হবে মাদকমুক্ত, সবুজ-শ্যামল ও পরিচ্ছন্ন। এ সময় তিনি পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রংপুর মহানগরী গড়ার প্রচেষ্টায় তরুণ শিক্ষার্থীদের এগিয়ে আসার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাকিব হাসান বলেন, বর্তমানে অনেক অভিভাবক শিক্ষার্থীদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেন। এ ধরনের মানসিকতা থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থীর মধ্যে ভিন্ন ধরনের সৃজনশীল চিন্তাভাবনা থাকলে তার মধ্য থেকেই চূড়ান্ত সফলতা আসা সম্ভব বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরণ্যক পাল প্রাচুর্য বলেন, এমন আয়োজনে তারা আবেগে আপ্লুত। রংপুর মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠান আয়োজন করায় তাদের মনে মেডিকেলে পড়ার স্বপ্ন উঁকি দিচ্ছে। এ আয়োজন ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জনে অনুপ্রাণিত করবে বলেও জানান তিনি।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হাসনাত খান বলেন, এত বড় আয়োজনে সংবর্ধনা পেয়ে তারা গর্বিত। বিশেষ করে সিটি করপোরেশনের এ উদ্যোগ তাদের ভালো লেগেছে। পড়ালেখার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণে সিটি করপোরেশনের প্রশাসকের আহ্বানে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

