নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

বিজ্ঞাপন

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্যান্ট পরিহিত এক যুবক রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আগুন জ্বলতেই দ্রুত পালিয়ে যান তিনি।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তা নিভিয়ে ফেলেন গ্রাম পুলিশের এক সদস্য।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেছে। আগুনে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা কালো হওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ওসি।

রেলওয়ে প্রকৌশল বিভাগের তথ্যের বরাতে ঠাকুরাকোনা রেলস্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এতে রেলের সামান্য ক্ষতি হলেও ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

এর আগে গত মঙ্গলবার ভোর ৬টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ফাঁকা ট্রেনের স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসন পুড়ে যায়। পরে রেলকর্মী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় হাওর এক্সপ্রেস।

এ ছাড়া এর আগে জেলার চল্লিশা এলাকায় আরো দুই দফায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনায় রেলযাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...