রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল সোয়া ৮টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে দুর্ঘটনা এড়াতে ভোর পৌনে ৬টা থেকে সকাল সোয়া ৮টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে সকাল সোয়া ৮টার দিকে সতর্কতার সঙ্গে ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়। তবে এ সময় ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. বসির উদ্দিন আহমেদ আমার দেশকে জানান, বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১০টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো ঘাটে কিছু সময় অপেক্ষা করে সীমিতসংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।
তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৌরুটে নিরাপত্তা নিশ্চিত করেই ফেরি চলাচল অব্যাহত রাখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

