হিমেল বাতাস ও ঘন কুয়াশা জেঁকে বসেছে তেঁতুলিয়ায়

হিমেল বাতাস ও ঘন কুয়াশা জেঁকে বসেছে তেঁতুলিয়ায়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এভাবেই জেঁকে বসতে শুরু করেছে শীত। ছবি: আমার দেশ

সূর্যের দেখা নেই, হিমালয় থেকে নেমে আসছে হিমেল বাতাস। বিকাল নামতেই ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ছে প্রকৃতি, আর রাতভর ঝরছে ভারী শিশির। দেশের সর্ব উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এভাবেই জেঁকে বসতে শুরু করেছে শীত। অব্যাহত এই বৈরী আবহাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হওয়ায়, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নদীকেন্দ্রিক শ্রমজীবী মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে তেঁতুলিয়ায় সূর্যের দেখা মিলছে না বললেই চলে। দিনের বেশিরভাগ সময় সূর্য মেঘের আড়ালে থাকছে। ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শীতের দাপট বিরাজ করছে, যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরো তীব্র হচ্ছে। ঘন কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় যানবাহন ও পথচারীদের বাড়তি সতর্কতা নিয়ে চলাচল করতে হচ্ছে।

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আবহাওয়াবিদরা জানান, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য, উচ্চ আর্দ্রতা এবং মেঘাচ্ছন্ন আকাশের কারণে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে দিনের বেলাতেও পরিবেশ উষ্ণ হতে পারছে না। অন্যদিকে, রাতে তাপ বিকিরণের ফলে তাপমাত্রা কমে গিয়ে ঘন কুয়াশা ও শিশির সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি তেঁতুলিয়ায় বাড়ছে পর্যটকদের ভিড়। শীতের আমেজ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এখানে। কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দৃশ্য, সমতলের সবুজ চা বাগান এবং নদীর বুক থেকে নুড়িপাথর উত্তোলনের দৃশ্য পর্যটকদের দারুণভাবে বিমোহিত করছে। তবে দিন ও রাতের তাপমাত্রার বড় পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা এ সময় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেওয়া এবং গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দুই দিন ধরে জেলায় মেঘলা ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন