শেখ মুজিবুর রহমানের ম্যুরালের স্থলে ‘আয়াতে নূর’ ফলক স্থাপন

প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

শেখ মুজিবুর রহমানের ম্যুরালের স্থলে ‘আয়াতে নূর’ ফলক স্থাপন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্স চত্বরে দৃষ্টি নন্দন আল্লাহর নামের "আয়াতে নূর' ফলক স্থাপন করে মানুষের মন জয় করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম । ২০২৪ সালের ৩১ অক্টোবর আয়াতে নূর ফলকটি নির্মাণ করা হয়। আয়াতে নূর ফলকটি দেখার জন্য প্রতিদিন সাধারণ মানুষ ভিড় করেন উপজেলা চত্বরে।

বিজ্ঞাপন

আয়াতের শুরুতে আল্লাহকে আসমানসমূহ ও পৃথিবীর "নুর" আখ্যায়িত করা হয়েছে। এ আয়াত অনুসারে আন-নুর কে আল্লাহর গুণবাচক নামসমূহের একটি হিসেবে গণ্য করা হয়।

আয়াতে আল্লাহর সত্তার জন্য ব্যবহৃত নুর শব্দটি, কোন কোন তাফসীরবিদের মতে ঔজ্জ্বল্যদানকারী অর্থে ব্যবহৃত হয়েছে। অথবা অতিশয়ার্থবোধক পদের মতো নুরওয়ালাকে নুর বলে উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে আয়াতের অর্থ দাঁড়ায়, আল্লাহ নভোমণ্ডল, ভূমণ্ডল ও এদের মধ্যে বসবাসকারী সব সৃষ্টজীবের আলো দাতা। অনেকের মতে এখানে নুর বলতে হেদায়েতের নুরকে বুঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ নভোমন্ডল ও ভূমণ্ডলের অধিবাসীদের হেদায়াতকারী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনিক ভবনের সামনে তৈরি করা হয়েছে আয়াত নূর নামের ফলকটি। উপজেলা চত্বরে প্রবেশ করার পর যে কারোর নজরে পড়ে এই ফলকটি। ফলকটি দেখতে খুব দৃষ্টিনন্দন। জানা যায় এখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের কথা ছিল ।

কুমিল্লা সদর দক্ষিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বানিয়ে শত শত কোটি টাকা লুট পাট করেছে। সদর দক্ষিণ উপজেলায় করার চেষ্টা করেছে। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কোরআনের আয়াত দিয়ে একটি ইসলামিক নিদর্শন স্থাপন করেছেন । এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ ।

সদর দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার রৌশনারা আক্তার বলেন, ২০২৪ সালের এপ্রিল মে মাসের দিকে এখানে একটি ম্যুরাল করার উদ্যোগ নিয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান । তখন মসজিদের সামনে ম্যুরাল হবে এটা সাধারণ মানুষ মেনে নেয়নি। তারপরও তো ৫ আগষ্ট চলে আসল । এখন আমাদের ইউএনও রুবাইয়া খানম আয়াতে নূর ফলকটি নির্মাণ করেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম বলেন, উপজেলা চত্বরের মসজিদের সামনে ম্যুরাল করার উদ্যোগ নেয়া হয়েছিল। স্থানীয় মুসল্লিদের বাঁধায় এটা করা হয়নি । গত ৩১ অক্টোবরে আয়াতে নূর ফলকটি করা হয়েছে। মূলত উপজেলা চত্বরের সৌন্দর্য বর্ধনের জন্য আল্লাহর নামের ইসলামিক নিদর্শন স্থাপন করি । স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন