চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। সোমবার সকাল ১০টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কয়েক শতাধিক শ্রমিক মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যান।
বিক্ষোভ মিছিলে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। শ্রমিকেরা জানিয়েছেন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন তারা। এস আলমের চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ মিছিল ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুলে এস আলম সিমেন্ট, এস আলম ইস্পাত, এস আলম সয়াবিন, এস আলম সুগারসহ ১০টিরও অধিক কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর একে একে বন্ধ হয়ে যায় এস আলমের এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল।
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, এস আলমের কারখানা চালু করার দাবিতে শ্রমিকেরা মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ সতর্ক অবস্থায় ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

