কুষ্টিয়ার খোকসায় ডাম্পট্রাকের ধাক্কায় বাস পুকুরে পড়ে চারজন নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত ২০ জন।
নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন খোকসা উপজেলার কমলাপুরের জুনাইয়েদ হোসেনের ছেলে নাবিল হোসেন (২৮) ও দৌলতপুর উপজেলার ফিলিপনগর মাঠপাড়া এলাকার রুহুল আমিনের মেয়ে রাফিয়া খাতুন (১৫)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ছেড়ে আসা একটি বাস উল্টো দিক থেকে আসা বালুভর্তি ডাম্পট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের সঙ্গে যোগ দেন। দুর্ঘটনায় আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। এ সময় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় আরো কয়েকজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান।
প্রত্যক্ষদর্শী মাজেদুল নামের এক পথচারী জানান, বালুভর্তি ট্রাকটি দ্রুত বেপরোয়া গতিতে আসছিল। ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে সজোরে আঘাত করে। এ সময় বাসটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়।
খোকসা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আলতাব হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান তারা।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, নিহতের দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের শনাক্তে কাজ করছে পুলিশ। বাস ও ট্রাক জব্দ করেছে পুলিশ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

