বিএনপি এমপির বাড়ির পর এবার হাসপাতালসহ দুই সরকারি প্রতিষ্ঠানে চুরি

জেলা প্রতিনিধি, নাটোর

বিএনপি এমপির বাড়ির পর এবার হাসপাতালসহ দুই সরকারি প্রতিষ্ঠানে চুরি

নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর শহরের বাসভবনে দ্বিতীয় দফা বৈদ্যুতিক তার চুরির ঘটনার দুদিনের মাথায় এবার নাটোর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় এবং নাটোর আধুনিক সদর হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। সরকারি ছুটির সুযোগে দুর্বৃত্তরা দুটি প্রতিষ্ঠানে হানা দিয়ে কম্পিউটার, আইপিএস, পিসিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

নাটোর সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, গত বৃহস্পতিবার অফিসের কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি কার্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। রোববার সকালে অফিস খুলে তারা দেখতে পান কক্ষের ভেতরের বিভিন্ন জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “দুর্বৃত্তরা অফিসের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে কম্পিউটার, আইপিএস, পিসিসহ বেশ কিছু মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।”

এদিকে একই সময়ে নাটোর আধুনিক সদর হাসপাতালেও চুরির ঘটনা ঘটে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহাবুবুর রহমান জানান, চোরেরা হাসপাতালের নতুন ছয়তলা ভবনের ২০১৮ নম্বর কক্ষের জানালার গ্রিল খুলে ভেতরে প্রবেশ করে। ওই কক্ষটিতে নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চিকিৎসকরা নিয়মিত রোগী দেখেন।

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি একই হাসপাতালের নতুন ভবনে এক শিশু রোগীর মাকে ধর্ষণের অভিযোগে তিন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই হাসপাতালটিতে নতুন করে চুরির ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, “নাটোর আধুনিক সদর হাসপাতালে ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করলেও হাসপাতালের সীমানা প্রাচীর অনেক জায়গায় দুর্বল ও অরক্ষিত। ফলে বিভিন্ন দিক দিয়ে সহজেই হাসপাতাল চত্বরে প্রবেশ করা যায়। এ কারণে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।”

তিনি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সীমানা প্রাচীর সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। চুরি যাওয়া মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি ও নিরাপত্তাজনিত ঘটনার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...