ঝালকাঠির রাজাপুরে মো. কুদ্দুস খান (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা সদরের খাল পাড়ের বাজার রোডে এ ঘটনা ঘটে।
আহত কুদ্দুস খান শুক্তাগড় ইউনিয়নের কানুনিয়া এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ ও আহত কুদ্দুস খান জানান, অসুস্থ এক আত্মীয়কে দেখতে মঙ্গলবার রাতে ভাতিজাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে রাজাপুর সদরে আসেন তিনি। পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে ভাতিজাকে তেল আনতে পাম্পে পাঠান। পরে ওষুধ কিনতে তিনি একা হেঁটে ইসলামিয়া ফার্মেসির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলা সদরের খাল পাড়ের বাজার রোডে মনা স্টারশপের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে। কুদ্দুসের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

