বরিশাল নগর থেকে আমেনা খানম (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর রোকেয়া আজিম সড়কের খালপাড় এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি মেহেন্দীগঞ্জের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ওই এলাকার দুবাই প্রবাসী শাহেদ উদ্দিন হাওলাদারের বাসায় ভাড়া থাকতেন।
ভাড়াটিয়াবাড়ীর মালিক শাহেদ উদ্দিনের স্ত্রী রিনা বেগম জানান, বছরখানেক আগে আমেনা খানম তার বাসার দোতলা ভাড়া নেন। বাসা ভাড়া নেওয়ার পর থেকে তিনি একাই সেখানে থাকতেন। মাঝে মাঝে তার বড় ছেলে ও বোনের ছেলে দেখতে আসতো। দুই দিন আগে আমেনা খানমের সাথে তার দেখা হয়।
এরপর গতকাল বিকালে বোনের ছেলে বাসায় খুঁজে গেলেও তাকে পাওয়া যায়নি। তার ঘর তালাবদ্ধ ছিলো। পরে রাতে অন্যান্য ভাড়াটিয়ারা ওই বাসা থেকে গন্ধ পেয়ে তাকে জানায়। পরে তিনি তার ছেলে রিফাতকে জানালে সে বৃহস্পতিবার ভোরে পুলিশ নিয়ে এসে তালা খোলে। পুলিশ ওই বাসা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার জানিয়েছেন, প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

