নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার

নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার

বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও আসমা বেগম (৩২) নামে চার সন্তানের জননীর সন্ধান মেলেনি। গত ৫ জুলাই সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বামী শিপন সরদার বাবুগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

আসমা বেগম উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সানিকেদারপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজমিস্ত্রি শিপন সরদারের (৪০) স্ত্রী। তার বাবার বাড়ি মুলাদী উপজেলার চর কমিশনার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার বাসিন্দা বাবুল মৃধার জ্যেষ্ঠ কন্যা।

আসমার স্বামী শিপন সরদার জানান, ৫ জুলাই প্রতিদিনের মতো সকালে তিনি রাজমিস্ত্রির কাজে বের হন। সন্ধ্যা ৬টার দিকে কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী ঘরে নেই। এরপর আশপাশের বিভিন্ন এলাকা ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

শিপনের অভিযোগ, বাড়ি থেকে যাওয়ার সময় আসমা ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার বেশি মূল্যের মালামাল সঙ্গে নিয়ে গেছেন।

তিনি আরো জানান, এর আগেও তার স্ত্রী একাধিকবার বাড়ি থেকে চলে গিয়েছিলেন। পরে আবার ফিরে আসেন। নিখোঁজ হওয়ার আগে বিভিন্ন অপরিচিত ব্যক্তির সঙ্গে মুঠোফোনে কথা বলার বিষয়টিও তিনি লক্ষ করেছিলেন বলে দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে তার স্ত্রী বিষয়টি অস্বীকার করতেন বলেও জানান শিপন। শিপন সরদারের ধারণা, তার স্ত্রীকে তার বাবার বাড়ির পরিবারের কেউ প্ররোচিত করে থাকতে পারেন। স্ত্রী নিখোঁজ হওয়ার পর চার সন্তানকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে শিপন সরদারের।

তিনি বলেন, ‘স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট ছোট সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটছে। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, এ নিয়ে দুশ্চিন্তায় আছি।’

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, নিখোঁজের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন