আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত করলেন শেখ নেয়ামুল করিম

উপজেলা প্রতিনিধি, নলছিটি (ঝালকাঠি)

জুলাই শহীদদের স্মরণে কবর জিয়ারত করলেন শেখ নেয়ামুল করিম
ছবি: আমার দেশ।

ঝালকাঠির নলছিটিতে জামায়াত প্রার্থী শেখ নেয়ামুল করিম জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সেলিম তালুকদার এবং শহীদ ওসমান হাদীর বাবার কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শহীদ সেলিম তালুকদার নলছিটি উপজেলার দক্ষিণ মল্লিকপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ২০২৪ সালের ৩১ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন। শাহাদাতের সময় তার স্ত্রী সুমি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন এবং পরবর্তীতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। সেলিমের শরীরে ৭৫টিরও বেশি ছররা গুলি লেগেছিল বলে জানা যায়।

অন্যদিকে শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। তিনি আততায়ীর গুলিতে শহীদ হন। মঙ্গলবার শেখ নেয়ামুল করিম তার বাবার কবর জিয়ারত করেন।

জিয়ারত শেষে শেখ নেয়ামুল করিম বলেন, “জুলাইয়ের শহীদরা দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন সম্ভাবনার দ্বার দেখতে পেয়েছি। শহীদ সেলিম তালুকদার ও ওসমান হাদীর মতো সাহসী সন্তানদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। আমরা তাদের স্বপ্ন ও আদর্শকে সম্মান করি এবং শহীদ পরিবারের পাশে সবসময় থাকার অঙ্গীকার করছি।

এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

এই জিয়ারতকে অনেকে মানবিক ও শ্রদ্ধাঞ্জলি সূচক কর্মসূচি হিসেবে দেখছেন। শেখ নেয়ামুল করিম ইতঃপূর্বে জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন নিজে গ্রহণ করবেন না; বরং পুরো অর্থ এলাকার দরিদ্র, অসহায় ও কল্যাণমুখী কাজে ব্যয় করবেন।

এই কবর জিয়ারতের ঘটনা স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন